রাকসু নির্বাচনের নীতিমালা সংশোধন, প্রার্থীদের ব্যালট নম্বর নির্ধারিত হবে লটারিতে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ব্যালট নম্বর বরাদ্দের নীতিমালা সংশোধন করেছে নির্বাচন কমিশন। শনিবার রাতে এক জরুরি সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ রোববার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে লটারির মাধ্যমে রাকসু ও সিনেট ছাত্র প্রতিনিধি প্রার্থীদের ব্যালট নম্বর বরাদ্দ দেওয়া হবে।

এর আগে শনিবার রাতে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেলসহ কয়েকটি প্যানেলের ভিপি প্রার্থীরা নির্বাচন কমিশনে গিয়ে বিদ্যমান নিয়ম নিয়ে আপত্তি জানান। পরে কমিশন জরুরি বৈঠকে বসে এবং রাতেই প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত নতুন নীতিমালা প্রকাশ করে।

আগের নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী প্যানেলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলে লটারির মাধ্যমে কেবল প্যানেলের ক্রমধারা নির্ধারণ হতো। আর স্বতন্ত্র প্রার্থীদের তালিকা প্রকাশ করা হতো বাংলা বর্ণমালার আদ্যক্ষর ক্রমানুসারে।

নতুন নীতিমালায় বলা হয়েছে, এবার রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রতিটি পদের প্রতিটি প্রার্থীর ব্যালট নম্বর সরাসরি লটারির মাধ্যমে নির্ধারিত হবে।

গত মঙ্গলবার শেরেবাংলা ফজলুল হক হলসহ কয়েকটি হলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগেই ব্যালট নম্বর বরাদ্দ দেওয়ায় স্বতন্ত্র প্রার্থীরা আপত্তি জানিয়েছিলেন। এরপর থেকে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, গতকাল ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এদিন দুইজন ভিপি ও একজন জিএসসহ মোট ১৫ জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আজ চূড়ান্ত প্রার্থিতা তালিকা প্রকাশের পর বিকেলেই লটারির মাধ্যমে ব্যালট নম্বর দেওয়া হবে।