বাসে ওঠাটাও আমার কাছে এক ধরনের সংগ্রামই। কেননা ঢাকা শহরে যে বাসগুলো চলাচল করে সেগুলোতে উঠতে গেলে এক ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হতে হয়। কিন্তু বাসে ওঠার পর যে একটু শান্তিতে বসে থাকব, তারও উপায় নেই। আমি নিজেই বেশ কয়েকবার বিব্রত অবস্থায় পড়েছি বাসচালকদের অশালীন ভাষা আর তাদের সিগারেটের ধোঁয়ার কারণে। বাসচালকদের আশেপাশের যে কয়েকটি আসনে সাধারণত নারীযাত্রীরাই বসেন, তাঁদের কী অবস্থা হয় সেটা সহজেই অনুমেয়। পরোক্ষ ধূমপানও মৃত্যুর কারণ হতে পারে। যেখানে পাবলিক প্লেসে ধূমপান আইনত দণ্ডনীয় অপরাধ, সেখানে পাবলিক বাসের বাসচালক নারীযাত্রীদের মাঝে ধূমপান করার সাহস পান কী করে? খুব শীঘ্রই বিষয়টা নিয়ে ভাবতে হবে, তা না হলে এর প্রতিকার আদৌ পাব না আমরা।
আকাশ বড়ুয়া,
ঢাকা