দেশে সরকার আছে বলে মনে হচ্ছে না — নাগরিক ঐক্য

দেশে কোনো সরকার আছে বলে মনে হচ্ছে না বলে অভিমত ব্যক্ত করেছেন নাগরিক ঐক্যের নেতারা। তারা বলেছেন, ৩০ লাখ  লোক জীবন দিয়েছে যে দেশের মানুষের মানসম্মান এবং সম্মানিত জীবন কিনতে চেয়েছিল, সেই দেশে জীবন এখন কচু পাতার পানির মতো হয়ে গেছে। গতকাল তোপখানা রোডে পার্টির সভায় একথা বলা হয়। সভায় সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের  আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

সভার প্রস্তাবে আরো বলা হয়, দেশের বর্তমান পরিস্থিতিতে নাগরিক ঐক্য গভীর উদ্বেগ প্রকাশ করছে। গত ১০ বছরে গুম, খুন, হত্যা রেকর্ড ছাড়িয়েছে। এখন প্রকাশ্য দিবালোকে কুপিয়ে মানুষ হত্যা করা হচ্ছে। ধর্ষণ এবং হত্যাকাণ্ড এখন মহামারী রূপ নিয়েছে। সড়কে মৃত্যুর মিছিলের সঙ্গে নতুন করে আবার যুক্ত হয়েছে ডেঙ্গুতে মৃত্যু। সরকার মশা মারার ওষুধ কিনতে দুর্নীতি করেছে, আর বলছে ডেঙ্গুর মধ্যে রাজনীতি ঢুকে গেছে।

প্রস্তাবে আরো বলা হয়, সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো নীতি-নৈতিকতা ও মূল্যবোধের ভয়াবহ অধঃপতন। স্বাধীনতার অব্যবহিত পরে যেরকম গণপিটুনিতে মানুষ হত্যা শুরু হয়েছিল, ঠিক তারই আরেকটি রূপ আমরা  দেখছি এখন। বিশেষ করে রাজধানীর বাড্ডায় তসলিমা বেগমের মৃত্যু সারাদেশের বিবেককে নাড়িয়েছে।