যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারা সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ঘরে-বাইরে, গাড়িতে সব জায়গাতে ভয় দূর করে দেশে শান্তি-সুখের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। গতকাল ইঞ্জিনিয়ার্স ইনসটিটিউশনের সেমিনার হলে বাংলাদেশ পিপলস্ পার্টি বিপিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ।
বি. চৌধুরী বলেন, পদ্মা সেতু বন্ধ করার জন্য ষড়যন্ত্রকারীরা গুজব ছড়াচ্ছে যে—পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে। এ গুজবটি রাজনৈতিক উদ্দেশে ছড়ানো হচ্ছে। সামাজিক অস্থিরতা ও অপরাধ বেড়ে যাওয়ার পিছনেও রাজনৈতিক উদ্দেশ আছে। যেসব রাজনৈতিক দল এ পরিকল্পনার সঙ্গে জড়িত তাদের দেশপ্রেম নেই। তিনি বলেন, কেউ কেউ বিদেশে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ সৃষ্টি করছে। কিন্তু তাদের বক্তব্যের ভিত্তি অসত্য। বিপিপির সভাপতি বাবুল সরদার চাখারীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, বাংলাদেশ গণসংস্কৃতি দলের সভাপতি সরদার শামস আল মামুন (চাষী মামুন), বিকল্পধারার সহ-সভাপতি এনায়েত কবীর প্রমুখ।