রাজধানীর খিলগাঁও এলাকার একটি বাসা থেকে একটি একে ২২ রাইফেল, চারটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও বিভিন্ন অস্ত্রের ৪৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অভিযানকালে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার রাতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। ডিবির (পূর্ব) খিলগাঁও অঞ্চলের অতিরিক্ত উপ-কমিশনার শাহিদুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত তিনজন হলেন— খান মোহাম্মদ ফয়সাল (৩৮), জিয়াউল আবেদীন ওরফে জুয়েল (৪৫) ও মো. জাহিদ আল আবেদিন ওরফে রুবেল (৪০)। শাহিদুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। ২৬৯/এ/ক সিপাহিবাগের ‘ফাইভ স্টার নিবাস’ নামের বাসার সামনে থেকে প্রথমে খান মোহাম্মদ ফয়সালকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তার কাছ থেকে তথ্য পেয়ে ‘ফাইভ স্টার’ নিবাসের ভেতরে অভিযান চালানো হয়। ভবনের আটতলার বাঁপাশের ফ্ল্যাট থেকে জুয়েল ও রুবেলকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, এ ফ্ল্যাটে আরো অস্ত্র মজুত আছে। তখন তল্লাশি করে বিদেশি রিভলবার, রাইফেল ও গুলি উদ্ধার করা হয়। অভিযান চালানোর সময় বেশ কয়েকজন পালিয়ে যায়। এ ঘটনায় খিলগাঁও থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতার দুই আসামি জুয়েল ও রুবেল সম্পর্কে ভাই। তাদের আরেক ভাই লিয়ন সাত বছর আগে ক্রসফায়ারে মারা গেছে। জুয়েল ও রুবেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় তিন থেকে চারটি মামলা রয়েছে। চক্রটির প্রধান ললাট নামের আরেক সন্ত্রাসী। মধ্যপ্রাচ্যের একটি দেশ থেকে এক ‘গডফাদার’ তাদের নিয়ন্ত্রণ করে। শাহিদুর বলেন, এ ব্যাপারে বিস্তারিত অনুসন্ধান শুরু হয়েছে।