ভোলা-লক্ষ্মীপুর রুটে দুটি ফেরি বিকল

ভোলা-লক্ষ্মীপুর রুটের দুটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ায় যানবাহন পারাপারে সমস্যা দেখা দিয়েছে। ভোলা ও লক্ষ্মীপুর উভয় ফেরি ঘাটেই পারাপারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন। এতে পরিবহন শ্রমিক ও যাত্রীরা পড়েছেন সমস্যায়।

গতকাল শনিবার বিকাল পর্যন্ত দুই ঘাটে অন্তত তিন শতাধিক            যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। নতুন একটি ফেরিসহ দুটি ফেরি যানবাহন পারাপারের কাজ চালিয়ে গেলেও যানজট কমছে না। ঘাটে দিনের পর দিন অপেক্ষা করেও ফেরির দেখা মিলছে না। এতে করে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না পণ্যবাহী ট্রাকসহ অন্য যানবাহন। এ অবস্থা অব্যাহত থাকলে আসছে ঈদে ঘরমুখো মানুষদের চরম সমস্যায় পড়তে হবে।

তবে খুব দ্রুত ফেরি সচল হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ম্যানেজার মো. এমরান খান। তিনি বলেন, ৩টির মধ্যে দুটি ফেরি বিকল রয়েছে, যেগুলো মেরামতের কাজ চলছে। ঘাটের যানজট কমাতে আরো একটি ফেরি যুক্ত করা হয়েছে। ২/১ দিনের মধ্যে সব ফেরি সচল হবে বলে আশা করছি। ফেরিগুলো সচল হলে এক সপ্তাহের মধ্যে যানজট কমে যাবে।