রূপনগরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান

রাজধানীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একটি আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গত শুক্রবার গভীর রাতে রাজধানীর মিরপুরে রূপনগর আবাসিক এলাকার একটি বাসায় এ অভিযান চালানো হয়।

বাসা থেকে দেশীয় অস্ত্র, বিস্ফোরণের ধ্বংসাবশেষ ও বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়েছে। জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে একই পরিবারের পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, আহম্মদ আলী (৫৭), তার স্ত্রী সালমা আহম্মদ, পুত্র আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া, আবু সালেহ মোহাম্মদ ও কন্যা আসমা ফেরদৌস রিফা।

গ্রেফতারকৃত আহম্মদ আলী সোনালী ব্যাংকের মতিঝিল শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার। এ অভিযানে পুলিশের তিন সদস্য জঙ্গিদের ধারালো অস্ত্রের কোপে আহত হয়েছেন। আর পুলিশের গুলিতে আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া গুলিবিদ্ধ হয়েছেন। জাকারিয়া বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। আহত পুলিশ সদস্যরা রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি রয়েছেন। অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে ছয়তলা বাড়ির চারতলায় অভিযান চালান পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের সদস্যরা। সেখানে অভিযান চালাতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে এই সংঘবদ্ধ জঙ্গি পরিবার ঘরের ভেতরে হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এটিইউ সদস্যরা স্থানীয় লোকজনের উপস্থিতি ও বাসার নিরাপত্তাকর্মীর সহযোগিতায় দরজা ভেঙে বাসায় প্রবেশ করতে গেলে আলী আহম্মদ ও তার পরিবার দেশীয় অস্ত্রসহ পুলিশের উপর হামলা চালায়। এতে তিন জন পুলিশ সদস্য আহত হন। স্থানীয় লোকজনের নিরাপত্তার স্বার্থে ও আত্মরক্ষার্থে পুলিশ পালটা গুলি করলে ঘটনাস্থলে আনসার আল ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য জাকারিয়া গুলিবিদ্ধ হন। তাকে পুলিশ হেফাজতে চিকিত্সা দেওয়া হচ্ছে।

স্থানীয়দের বরাদ দিয়ে তিনি আরো জানান, প্রায় ১০ বছর ধরে আহম্মদ আলী পরিবার নিয়ে এই বাসায় বসবাস করলেও তারা সমাজ বিচ্ছিন্ন জীবনযাপন করতেন। তার বাসায় সন্দেহজনক লোকজনের আনাগোনা ও নিয়মিত বৈঠক হতো। নিজেদের গোপনীয়তা রক্ষায় তারা দূরবর্তী স্থান থেকে বাজারসদাই করতেন। এই জঙ্গি আস্তানায় যাদের আনাগোনা ছিল তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

আজ রবিবার তাদেরকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইবে পুলিশ।