সীমান্তে দেওয়াল নির্মাণে পেন্টাগনের তহবিল ব্যয়ে ট্রাম্পকে অনুমতি সুপ্রিম কোর্টের

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে প্রতিরক্ষা তহবিল ব্যবহারে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার এই রায় দেয় শীর্ষ আদালত। এর ফলে দেয়াল নির্মাণে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিরক্ষা তহবিলে ২ দশমিক ৫ বিলিয়ন ডলার ব্যয় করতে পারবেন। প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের রায়কে বড় জয় বলে উল্লেখ করেছেন। খবর বিবিসির

সুপ্রিম কোর্টের ৫ জন বিচারপতি পক্ষে এবং চারজন বিপক্ষে অবস্থান নেন। এই রায়ের ফলে ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা এবং নিউ মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে প্রেসিডেন্ট ট্রাম্পের আর কোনো বাধা থাকলো না। এর আগে ক্যালিফোর্নিয়ার আদালত এই তহবিল ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট ওই আদালতের নিষেধাজ্ঞা বাতিল করে দিয়েছে। বিরোধী দল ডেমোক্র্যাটও দীর্ঘদিন ধরে সীমান্তে দেয়াল নির্মাণের বিরোধিতা করে আসছে। যদিও দেয়াল নির্মাণের বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। তাঁর যুক্তি দেয়াল নির্মানের পর মেক্সিকো থেকে অবৈধ অভিবাসী আসা বন্ধ হবে।