গফরগাঁওয়ে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক সুজন মণ্ডলকে (২৫) হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে উপজেলার চাকুয়া গ্রামের চাকুয়া পুরাতন ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর কিনারায় একটি মাছ ধরার বানা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সুজন মণ্ডলের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার সুতারচাপর গ্রামের বাবুল মণ্ডলের ছেলে সুজন মণ্ডল ত্রিমোহনী-বারইহাটি সড়কে অটোরিকশা চালাতেন। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ত্রিমোহনী অটোস্ট্যান্ড থেকে বোরকা পরা এক নারী বকুলতলা যাওয়ার কথা বলে তার অটোরিকশা ভাড়া নেয়। এর প্রায় এক ঘণ্টা পর থেকে সুজনের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। রাতে যথাসময়ে বাড়ি ফিরে না আসায় বাড়ির সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। রাতে বহু স্থানে খোঁজাখুঁজি করেও সুজনের সন্ধান পায়নি তার পরিবার।

শনিবার ভোরে চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে সুজন মণ্ডলের লুঙ্গি ও গামছা উদ্ধার করে তার পরিবারের লোকজন। সকাল সাড়ে ৭টার দিকে চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১০০ গজ পূর্বে ত্রিমোহনী-বারইহাটি সড়কের পাশে চাকুয়া পুরাতন ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর কিনারা থেকে তার লাশ উদ্ধার করে। তার গলায় আঘাতের চিহ্ন ছিল। পরিবারের লোকজনের ধারণা, খুনিরা সুজন মণ্ডলকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রেখে অটোরিকশা ছিনতাই করে পালিয়ে গেছে। পাগলা থানার ওসি মো. শাহিনুজ্জামান বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।