পাকুন্দিয়ায় ট্রাক চাপায় নিহত অটোরিকশার ৪ আরোহী

শনিবার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ট্রাক চাপায় এক অটোরিকশার চার আরোহী নিহত হয়েছেন। এছাড়া ফুলবাড়ী ও সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরো দুই জন।

কিশোরগঞ্জ প্রতিনিধি ও পাকুন্দিয়া সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাক চাপায় এক সিএনজি অটোরিকশার চালকসহ চার আরোহী নিহত ও দুই জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৮টার দিকে মঠখোলা-কটিয়াদী সড়কে পাকুন্দিয়া উপজেলার মান্দারকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে। অটোরিকশাটি মঠখোলা বাজার থেকে যাত্রী নিয়ে কটিয়াদীর দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক শরীফ (৩৫) ও মঠখোলা বাজারের জুতা ব্যবসায়ী খোকন মিয়া (২৮) মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাবেয়া খাতুন (৭৫) ও অহিদ মিয়া (৩৮) নামে অটোরিকশার আরো দুই যাত্রী। পাকুন্দিয়া থানার ওসি মো. মফিজুর রহমান জানান, ট্রাক ও চালক বাচ্চু মিয়াকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্ত ছাড়াই আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফুলবাড়ীতে নৈশকোচ চাপায় চা বিক্রেতা নিহত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, কুড়িগ্রামের ফুলবাড়ীতে নৈশকোচের  চাপায় আয়নাল হক (৩৮) নামে এক চা বিক্রেতা নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার ব্র্যাক মোড়ের ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়নাল হক উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, নৈশকোচটি থানায় নিয়ে আসা হয়েছে। চালক পলাতক রয়েছে।

সিংড়ায় ট্রাক-ভটভটি সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত

সিংড়া (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের সিংড়ায় পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে এক ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভটভটির যাত্রী এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন ভটভটির আরো চার আরোহী। শনিবার দুপুরে উপজেলার বামিহাল দূর্গাপুরের সারুপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গরু ব্যবসায়ী ডাহিয়া ইউনিয়নের পাঁচপাকিয়া গ্রামের রওশন মোল্লার ছেলে ইয়াছিন মোল্লা (৪৫)। আহতদের উন্নত চিকিত্সার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ভটভটিতে সবাই গরু ব্যবসায়ী ছিল। ঈদকে সামনে রেখে তারা গরু কেনার উদ্দেশে হাটে যাচ্ছিলেন।