আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, ডেঙ্গুর ভয়ানক পরিস্থিতি থেকে জনগণকে রক্ষা করার জন্য দ্রুত অ্যাডিস মশার উত্সগুলো ধ্বংস করতে হবে। অকার্যকর ওষুধ থাকলে তা বাতিল করে মশা মারার কার্যকর ওষুধ আনতে হবে। তিনি স্বাস্থ্যমন্ত্রী-এলজিআরডি মন্ত্রী, দুই সিটি মেয়র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে সাত দিনের ক্র্যাশ প্রোগ্রাম গ্রহণ করে অ্যাডিস মশার উত্সগুলো ধ্বংস করার জন্য মাঠে নামার আহ্বান জানান। নাসিম বলেন, কথা না বলে, নার্ভাস না হয়ে, মাথা ঠান্ডা রেখে, অজুহাত না দেখিয়ে, একে অপরকে দোষারোপ না করে দ্রুত অ্যাকশন প্রোগ্রাম গ্রহণ করে অ্যাডিস মশা নির্মূল করুন। ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। গতকাল শনিবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অগ্রণী ব্যাংক অফিসার সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, ডেঙ্গু নিয়ে মানুষ যেহেতু আতঙ্কিত, তাই তারা অনেক সচেতন। কিন্তু অ্যাডিস মশার কাছে আমরা পরাজিত হতে পারি না। তাই আর দেরি না করে এখনই পাশের দেশ থেকে মশা মারার কার্যকর ওষুধ এনে ক্র্যাশ প্রোগ্রামে যেতে হবে। বক্তৃতা, সেমিনার, বিবৃতি দিয়ে কোনো লাভ হবে না।
সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেকে মনে করছেন ডেঙ্গুর কারণে সরকার বেকায়দায়। কিন্তু আওয়ামী লীগ সরকার বেকায়দায় পড়ার দল নয়। এখন বড়ো সমাবেশ না করে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানো এবং অ্যাডিস মশা নিধনে সরকারকে সহযোগিতা করতে তিনি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, বন্যা ও ডেঙ্গু নিয়ে রাজনীতি করবেন না। তিনি বলেন, অগ্রণী ব্যাংকের অফিসার সমিতির নির্বাচন পোস্টার ছাড়াই সম্পন্ন হয়েছে। এটা একটা দৃষ্টান্ত। আগামী জাতীয় সংসদ নির্বাচন পোস্টার ছাড়াই করতে তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করবেন বলে জানান।
ছেলেধরা গুজব ছড়িয়ে সারাদেশে আতঙ্ক সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, রাজনীতির নিয়ম হলো চ্যালেঞ্জ গ্রহণ করা। আমরা ম্যালেরিয়ামুক্ত হয়েছি। শিশু ও মাতৃমৃত্যুর হার কমিয়েছি। ডেঙ্গু কেন নির্মূল করতে পারবো না? সরকার নিরলসভাবে ডেঙ্গু ও বন্যার চ্যালেঞ্জ মোকাবিলা করছে।
অগ্রণী ব্যাংক অফিসার সমিতির সভাপতি মোহাম্মদ নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখত, পরিচালক কাশেম হুমায়ুন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামস-উল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, অগ্রণী ব্যাংক অফিসার সমিতির সাধারণ সম্পাদক মোবারক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জানানো হয়, পদ্মা সেতু নির্মাণের জন্য অগ্রণী ব্যাংক এক বিলিয়ন ডলার দিয়েছে।