বর্তমান সরকার গরিবের জন্য নয়

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান সরকার গরিবের সরকার নয়। দেশে আইনশৃঙ্খলা বলতেও কিছুই নেই। ত্রাণের জন্য পানিবন্দি পরিবারগুলোর মাঝে হাহাকার থাকলেও প্রধানমন্ত্রী লন্ডনে বসে সময় কাটাচ্ছেন। সরকারের মন্ত্রীরা পানিবন্দি পরিবারগুলোর খোঁজ-খবর না নিলেও সময়মত এলাকায় এসে ফিতা কেটে যাচ্ছেন।

গতকাল শনিবার লালমনিরহাট ও কুড়িগ্রামে বন্যাকবলিতদের মাঝে  ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। ফখরুল লালমনিরহাটের আদিতমারী, হাতীবান্দা ও কুড়িগ্রামের সদর উপজেলায় ত্রাণ বিতরণ করেন। ইত্তেফাকের সংশ্লিষ্ট এলাকার সংবাদদাতারা এ তথ্য জানান। মির্জা ফখরুল বলেন, তিস্তার ন্যায্য পানির হিস্যার দাবিতে বিএনপি ঢাকা থেকে লংমার্চ করেছে। বিএনপি দেশের মানুষের কথা বলে ও ভাবে। কিন্তু সরকার তা ভাবে না। কৃষকরা ধানের ন্যায্যমূল্য পাচ্ছে না। সরকার ডেঙ্গু দমনে ব্যর্থ হয়ে এই রোগের প্রাদুর্ভাবকে ‘গুজব’ বলছে। এ গুজব নাকি বিএনপির যড়ষন্ত্র! তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা শতশত মামলা মাথায় নিয়ে পথে পথে ঘুরছে। তারপরও বিএনপি মানুষের পাশে আছে এবং ভবিষ্যতে থাকবে।