মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত না হলে উন্নয়নের মহাসড়কে হোঁচট খেতে হবে ----------------- পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। কিন্তু গুণগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে না পারলে সেই উন্নয়নের মহাসড়কে আমাদের হোঁচট খেতে হবে। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো কষ্টসাধ্য হবে। তাই সরকার শিক্ষাখাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। দেশকে বেকারত্বের অভিশাপমুক্ত করতে সরকার প্রতিবছর ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। এই সুযোগ কাজে লাগাতে প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হয়েছে। শনিবার সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে সিলেট-১ আসনের অন্তর্ভুক্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সিলেট জেলা প্রশাসন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সিলেটের জেলা প্রশাসক কাজী এম. এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. মো. মাহামুদ-উল-হক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. হানজালা। সভায় জানানো হয় সিলেট-১ সংসদীয় আসনভুক্ত এলাকার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ ও সংস্কারের জন্য ১৭২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পরে পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের হাতে গাছেরচারা তুলে দেন।