হংকংয়ের উত্তরাঞ্চলীয় জেলা ইউয়েন লংয়ে গতকাল হাজার হাজার লোক বিক্ষোভ করেছে। পুলিশ এ সময় বিক্ষোভকারীদের দমনে কাঁদানে গ্যাস ব্যবহার করে। গত সপ্তাহে গণতন্ত্রপন্থিদের ওপর মুখোশ পরিহিত সশস্ত্র ব্যক্তিদের হামলার প্রতিবাদে এ বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের দাবি, পুলিশ ওই হামলার সময় নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। হামলাকারীর সঙ্গে পুলিশের যোগসাজশ রয়েছে। অবশ্য পুলিশ এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। পুলিশ জানিয়েছে, শনিবারের বিক্ষোভে কর্তৃপক্ষের অনুমোদন ছিল না। এরপরও কয়েক হাজার লোক বিক্ষোভ মিছিল করে এবং পুলিশের বিরুদ্ধে স্লোগান দেয়। পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা পাথর ও বোতল ছুঁড়ে মারে। কয়েকটি স্থানে সড়কে প্রতিবন্ধকতাও সৃষ্টি করে। এর জবাবে অন্তত একটি স্থানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। -বিবিসি ও রয়টার্স