উল্লাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হিমা খাতুন সিমা (১৯) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার উল্লাপাড়া উপজেলার পাগলা উত্তরপাড়া গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সিমা এই গ্রামের মো. রনির স্ত্রী ও ৩ মাসের অন্তঃসত্ত্বা।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, ‘বুধবার ভোর রাতে পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় সিমা। ভোরে পুকুরের পানিতে সিমাকে ভাসতে দেখে তার স্বামী (রনি) স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা মৃত অবস্থায় সিমাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এই ঘটনার পর সিমার স্বামী রনি পলাতক রয়েছে।

আরও পড়ুন: ব্রাজিলে মৃত নারীর জরায়ু থেকে জন্ম হলো শিশুর

গোলাম মোস্তফা আরও জানান, সিমার এই মৃত্যু অস্বাভাবিক বলে ধারণা করছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/বিএএফ