বৃষ্টির মধ্যেও ঢাকার বাতাসে নেই সুখবর

বর্ষার পুরোটা জুড়েই এবং শরৎকালের অর্ধাংশ ঢাকার বাতাস সহনীয় পর্যায়েই ছিল। তবে, গত কয়েক দিন ধরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে দূষণ। আজ ঢাকার বাতাস সংবেদনশীল স্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ১২৪। দূষিত শহরের বাতাসের তালিকায় ঢাকার অবস্থান ৫ম। মঙ্গলবার ১০৭ স্কোর নিয়ে বায়ুদূষণের তালিকায় ৯ম স্থানে ছিল ঢাকা। গতকাল ঢাকার বায়ুমান ছিল সংবেদনশীল স্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর।

টানা চার দিনের মতো বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান আজ ১৭৬, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। গতকাল শহরটির বায়ুমান ছিল ১৬৬। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো- সংযুক্ত আরব আমিরাতের দুবাই, ইন্দোনেশিয়ার জাকার্তা ও আফগানিস্তানের কাবুল। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১৬৬, ১৫৬ ও ১৪৯।

বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদরোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

বায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতি বছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতিবছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়। দীর্ঘদিন ঢাকার বাতাস অতিমাত্রায় দূষিত হওয়ায় বাইরে বের হলে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ ছাড়া সংবেদনশীল ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধও করা হয়েছে।

পাশাপাশি ইটভাটা, শিল্পকারখানার মালিক এবং সাধারণ মানুষকে কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ রাখা, নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনী স্থাপন করা, নির্মাণসামগ্রী ঢেকে রাখা, নির্মাণসামগ্রী পরিবহনের সময় ট্রাক বা লরি ঢেকে নেওয়া, নির্মাণস্থলের আশপাশে দিনে অন্তত দুবার পানি ছিটানো এবং পুরোনো ও ধোঁয়া তৈরি করা যানবাহন রাস্তায় বের না করতে বলা হয়েছে।