চলচ্চিত্রের অন্যান্য সংগঠনগুলোর নির্বাচন হলেও বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন ছিল না প্রায় ৭ বছর। অবশেষে গত ২৭ জুলাই এফডিসিতে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন। জহির রায়হান প্রজেকশন হলে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা ভোট প্রদান করেন। এবার ১৪০ জন ভোটারের ভেতর ভোট প্রদান করেন ১৩০ জন। সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ও প্রধান নির্বাচন কমিশনার মিরাজুল ইসলাম উকিল ১৯ জন বিজয়ী নির্বাহী সদস্যর নাম ঘোষণা করেন। এর মাঝে সর্বোচ্চ ১২১ ভোটে বিজয়ী হন খোরশেদ আলম খসরু। এরপর সামসুল আলম ১১৭, ইস্পাহানী আরিফ জাহান ১১৩, কামাল মো. কিবরিয়া লিপু ১১০, মেহেদী হাসান সিদ্দিকী মনির ১০৬, হিমেল ১০৩, রশিদুল আমিন হলি ১০০, জাহিদ হোসেন ৯৮, এ জে রানা ৯৬, মোহাম্মদ হোসেন ৯৫, ইয়ামিন হক ববি ৮৬, কামাল হাসান ৮১, অপূর্ব রায় ৮০, নাদির খান ৭৯, শহিদুল আলম সাচ্চু ৭৬, ইলা জাহান নদী ৭৩, ইকবাল ৭২, ড্যানি সিডাক ৭০ ও আলিমুল্লাহ খোকন পান মোট ৬৫ ভোট।
চিত্রনায়ক আলমগীর, শাকিব খান, ওমর সানী, অমিত হাসান, প্রযোজক সাকিব সনেট, মুন্নাসহ অনেকেই ভোট কেন্দ্রে হাজির হন। সুষ্ঠুভাবে হয়ে যাওয়া প্রযোজক-পরিবেশক সমিতির এই নির্বাচনে ১৯ বিজয়ী প্রার্থীকে গতকাল রাতে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন অনেক অভিনেতা-অভিনেত্রী, পরিচালকসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকে। আজ দুপুর ১২টায় বিজয়ী ১৯ জন পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করবেন সভাপতি, দু’জন সাধারণ সম্পাদক, দু’জন সহ-সাধারণ সম্পাদক, একজন কোষাধ্যক্ষসহ অন্যান্য পদ। তাই এখনো অপেক্ষা কারা আসছেন নতুন নেতৃত্বে। তবে যারাই আসুক, সবার চাওয়া সিনেমার সংখ্যা বাড়ানো। পাশাপাশি সবকিছু নিয়মের ভেতর নিয়ে আসা।