লোহাগাড়ায় টংকাবতী খালে ভাঙন

লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় টংকাবতী খালের ভাঙনের কবলে পড়েছে সড়ক ও বসতঘর। যেকোনো মুহূর্তে ঐ এলাকার সড়ক ও বসতঘর খাল গর্ভে বিলীন হয়ে যেতে পারে।

সরেজমিনে দেখা গেছে, উত্তর আমিরাবাদের, তুলাতলী বাজার এলাকা, বণিক পাড়া-শীল পাড়া এলাকায় ও উত্তর আমিরাবাদ চৌধুরী পাড়া সড়কের তুলাতলী বাজার এলাকায় টংকাবতী খালের ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে এসব এলাকার বেশ কয়েকটি পরিবার খাল ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা গেছে, উত্তর আদিরাবাদ চৌধুরী পাড়া সড়কটি বার আউলিয়া কলেজ থেকে সাতকানিয়ার বারদোনা পর্যন্ত বিস্তৃত।

সম্প্রতি অতিবর্ষণ ও বন্যায় তুলাতলী এলাকায় সড়কটির ভাঙন সৃষ্টি হওয়ায় সাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকার নিলু দাশ জানান, উত্তর আমিরাবাদ চৌধুরী পাড়া সড়কটির তুলাতলী অংশে ভাঙন সৃষ্টি হওয়ায় একদিকে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অন্যদিকে খাল গর্ভে বিলীন হয়ে যেতে পারে বসতঘর।

আরেক বাসিন্দা রাজিব চক্রবর্তী জানান, টংকাবতী খালের ভাঙনের কবলে পড়ে বণিক পাড়া ও শীল পাড়ার প্রায় ১৫টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ব্যাপারে আমিরাবাদের ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এস এম ইউনুছ জানান, আমিরাবাদের তুলাতলী বাজার এলাকাসহ টংকাবতী খালের ভাঙন কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছি। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। আশা করছি, দ্রুত সমস্যাটির সমাধান হবে।