চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর বিতার্কিকদের সংগঠন চুয়েট ডিবেটিং সোসাইটির (চুয়েটডিএস) আয়োজনে দুই দিনব্যাপী ‘জাতীয় বিতর্ক উত্সব-২০১৯’ সম্পন্ন হয়েছে।
গত শনিবার বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার কক্ষে এ উত্সবের সমাপনী ও পুরস্কার বিতরণী হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক রনজিত্ কুমার সূত্রধর।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন নবনিযুক্ত উপ-ছাত্রকল্যাণ পরিচালক ও মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক হুমায়ুন কবির এবং চুয়েট ডিবেটিং সোসাইটির মডারেটর ও মানবিক বিভাগের প্রভাষক নাহিদা সুলতানা।