এবারো বরাবরের মতো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর বেতন খাতকে অগ্রাধিকার দিয়ে চলতি ২০১৯-২০২০ অর্থবছরের জন্য ৩৩৯ কোটি ১৮ লাখ টাকার বাজেট পাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। শনিবার দুপুরে রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ড. এ আর মল্লিক প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ৩১তম সিনেট অধিবেশনে বাজেট ঘোষণা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ। তবে এ বাজেটে গবেষণা খাতে অতীতের তুলনায় বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। যেখানে গতবছর এ খাতে বরাদ্দ ছিলো মাত্র ৭৫ লাখ টাকা। এবছর তা বাড়িয়ে ৪ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
রেজিস্ট্রার কে এম নুর আহমদ বলেন, ২০১৯-২০২০ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ৫০৯ কোটি ৯৪ লাখ টাকা চাহিদার অনুকূলে ইউজিসি থেকে পাওয়া গেছে ৩১৬ কোটি। আর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সম্ভাব্য আয় ধরা হয়েছে ১৬ কোটি ৫০ লাখ টাকা। বাকি ৬ কোটি ৬৮ লাখ টাকা ঘাটতি হিসেবে উল্লেখ করে ইউজিসি থেকে প্রাপ্ত ও অভ্যন্তরীণ আয়সহ ৩৩৯ কোটি ১৮ লাখ টাকার বাজেট ধরা হয়েছে বলে জানান তিনি।
বাজেটে অধিবেশনের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন সিনেট সদস্য ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন, সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, সিনেট সদস্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, ড. সুলতান আহমেদ, ড. এম আবদুল গফুর, মনসুরউদ্দিন আহমদ, ড. মোহাম্মদ মঞ্জুর-উল-আমিন চৌধুরী, ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, জমিরউদ্দিন আহমদ, বেনু কুমার দে, ড. ফরিদউদ্দিন আহামেদ, অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আমিন, আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, ড. মো. মাহবুবুর রহমান, ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী ও এস এম ফজলুল হক।
বাজেট অধিবেশনে চবি সিনেট সদস্য এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৃষ্টির পানি সংরক্ষণাগার তৈরি করা যেতে পারে। এতে করে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে।
সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান বলেন, ‘চাকসু নির্বাচন কখন হতে পারে এ বিষয়টি মনোযোগ দেওয়া প্রয়োজন।
বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার বলেন, আমি সবেমাত্র রুটিন দায়িত্ব পেয়েছি। সিনেট সদস্যদের দাবিগুলো পর্যায়ক্রমে দেখবেন বলে আশ্বাস দেন তিনি।