কর্নাটকে চলমান মিনি রঞ্জি ডাক নামের টুর্নামেন্টের সেমিফাইনালে ভালো শুরু করেছে বিসিবি একাদশ। ড. কে থিম্মাপিয়া স্মৃতি টুর্নামেন্টে ছত্তিশগড় রাজ্য ক্রিকেট সংঘের বিপক্ষে গতকাল প্রথম দিনে ৩ উইকেটে ২৫৪ রান তুলেছে বিসিবি একাদশ।
অপর সেমিফাইনালে কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থার বিপক্ষে প্রথম দিনে ২৯৩ রানে অল-আউট হয়েছে অন্ধ্র ক্রিকেট সংস্থা। জবাবে বিনা উইকেটে ১১ রান তুলেছে কর্নাটক।
টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বিসিবি একাদশ। দুই ওপেনার জহুরুল ও সাইফ দারুণভাবে এই সিদ্ধান্ততে যথার্থ বলে প্রমাণ করেন। দুই জনে ১৫৪ রানের উদ্বোধনী জুটি করেন। ১৩৪ বলে ৭টি চারে সাজানো ৬০ রান করে জহুরুল আউট হওয়ার ভেতর দিয়ে এই জুটি ভাঙে। এরপর সাইফ মুমিনুলের সঙ্গে আরেকটা ভালো জুটি করেন।
সাইফ ৯২ রানে অবসর নিতে বাধ্য হওয়ায় এই জুটি ভাঙে। সাইফ অবশ্য আউট হননি। ১৭২ বলে এই ইনিংস খেলার পথে তার মাংসপেশী ক্রাম্প করায় মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন বলে কর্নাটক থেকে ম্যানেজমেন্ট জানিয়েছে। আজ তিনি আবার ব্যাট করবেন।
সাইফ উঠে আসার কিছু সময় পর ফিরে আসেন মুমিনুলও। বিসিবি একাদশের অধিনায়ক ৯৩ বলে করেন ৪৯ রান। এর পর কোনো রান না করেই ফিরে আসেন সানজামুল। আর শূন্য রানেই উইকেটে আছেন নাজমুল হোসেন শান্ত। আজ তার সঙ্গে আবার ইনিংস শুরু করার কথা সাইফের।
সংক্ষিপ্ত স্কোর
বিসিবি একাদশ: ৮৫.১ ওভারে ২৫৪/৩ (সাইফ আহত অবসর ৯২, জহুরুল ৬০, ইয়াসির রাব্বি ব্যাটিং ৫০, মুমিনুল ৪৯, সানজামুল ০, শান্ত ব্যাটিং ০; পুনিত ১/২৪, বিনি ১/৪৩, বীরপ্রতাপ ১/৪৫)।