আবার কাতারে ফুটবল ক্যাম্প

জাতীয় ফুটবল দল নিয়ে আবারও কাতারে ক্যাম্প করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী সেপ্টেম্বরে কাতারে ১০ দিনের ফুটবল ক্যাম্প করতে চায় বলে বাফুফে  থেকে জানা গেছে।

২০২২ কাতার বিশ্বকাপ ফুটবল এবং ২০২৩ চীনে এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। কিন্তু আফগানিস্তানের কাবুলে ফুটবল খেলা হওয়া কঠিন। যখন তখন বোমা হামলার কারণে সেখানে ফুটবল ম্যাচ হবে না ধরে বিকল্প ভেন্যুর খোঁজ চলছে। বাফুফে জানিয়েছে আফগানিস্তানের ১০ সেপ্টেম্বরের খেলাটির সম্ভাব্য ভেন্যু কাতার। কাতারে দোহায় বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ হবে ধরে নিয়ে বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, ‘কাতার বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচ আফগানদের বিপক্ষে, সেটি ১০ সেপ্টেম্বর। এই ম্যাচটি যেহেতু কাতারে হওয়ার সম্ভবানা রয়েছে তাই আমরা সেখানে কন্ডিশনিং ক্যাম্প করতে চাই। আমাদের পরিকল্পনা রয়েছে। টিম ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান কাজী নাবিল এমপি দেশের বাইরে রয়েছেন, তিনি এলেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’

৫ সেপ্টেম্বর কাতারে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল ইরান। কিন্তু কাল সোহাগ জানিয়েছে এই ম্যাচ হবে না। কারণ ১০ সেপ্টেম্বর বাংলাদেশের মূল খেলা। এই সময় ইরানের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলাটা সঠিক মনে করছে না বাফুফে। 

কাতারে বাংলাদেশের ফুটবল দল গত মার্চেও কন্ডিশনিং ক্যাম্প করেছিল। সেখানে একাধিক প্রীতি ম্যাচও খেলেছে বাংলাদেশ। জাতীয় দলকে আগেভাগে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে ঈদের ছুটিতে ঢাকায় ফিরবেন। ঈদের পরই জাতীয় দলের প্রস্তুতি শুরু করতে চায় বাফুফে। ৩০ জন ফুটবলার নিয়ে ক্যাম্প শুরু করার পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে ৩০ জন ফুটবলারের নাম জেমির হাতে চলে এসেছে। কিন্তু কারা রয়েছে সেই তালিকায় তা কোচ ফিরলে জানা যাবে। তবে জাতীয় দল গঠনে স্বচ্ছতা রাখার পক্ষে বাফুফে। সামনে খেলোয়াড় দলবদল। জাতীয় দলে খেলার আগ্রহ থাকলেও ক্লাব ফুটবল পছন্দ অপছন্দের ওপর নির্ভর করে জাতীয় দলে খেলতে পারবে কি পারবে না। ফুটবলে এটা এখন ওপেন সিক্রেট, কোন্ ক্লাবে খেলবেন তার ওপর নির্ভর করে জাতীয় দলে সুযোগ থাকছে কি থাকছে না।

দেশের ফুটবল এখন একটা ভালো অবস্থানের দিকে যাচ্ছে। জাতীয় ক্লাব ফুটবলের পছন্দ অপছন্দকে গুরুত্ব দিতে গিয়ে জাতীয় খেলার যোগ্য ফুটবলার যেন বাদ না পড়ে এমনটাই মনে করছেন ক্লাব ফুটবল সংশ্লিষ্টরা। কাতার বিশ্বকাপ এবং এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ খেলার জায়গা করে নিয়েছে। ই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, কাতার, ওমান এবং ভারত। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলা হবে। ১৫ অক্টোবর ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি হবে কলকাতার সল্টলেকে। ১০ অক্টোবর ঢাকায় কাতারের বিপক্ষে, ১৪ নভেম্বর ওমানে ওমানের বিপক্ষে, ২৬ মার্চ ঢাকায় আফগানিস্তানের বিপক্ষে, ৩১ মার্চ দোহায় কাতারের বিপক্ষে, ৪ জুন ঢাকায় ভারত এবং ৯ জুন ওমানের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচ।