রোহিঙ্গাদের বাংলাদেশে থাকার জন্য উসকানি দেওয়া হচ্ছে —পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের বাংলাদেশে থাকার জন্য কিছু প্রতিষ্ঠান উসকানি দিচ্ছে। রোহিঙ্গাদের রাখার মাধ্যমে তারা ফায়দা নিতে চায়। গতকাল রবিবার ঢাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশে রোহিঙ্গা সংকট:চ্যালেঞ্জ ও স্থায়ী সমাধান’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী পর্বে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, কিছু কিছু প্রতিষ্ঠান ও সংস্থার ইচ্ছা রোহিঙ্গারা এখানে থাকুক। এতে তাদের ফায়দা হবে। এজন্যই তারা রোহিঙ্গাদের এখানে থাকার জন্য উত্সাহ বা উসকানি দিচ্ছে। তিনি বলেন, রোহিঙ্গারা নিজের দেশে ফিরে না গেলে সমস্যার সমাধান হবে না। আপনাদের বুঝতে হবে, মিয়ানমারেও বহু মুসলমান আছে। তবে রোহিঙ্গারা এখন নানা অজুহাত খুঁজছে। তারা এখানে থাকলে তাদের ভবিষ্যত্ ক্ষতিগ্রস্ত হবে, বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হবে। যাই হোক, আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত হলেই তাদের ফেরত পাঠাতে চাই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আতিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন জাতিসংঘের বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি শোকো ইশিকাওয়া, মালয়েশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. সৈয়দ হামিদ আলবার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি বেনজির আহমেদ, ইউএনএইচসিআরের সহকারী আঞ্চলিক প্রতিনিধি অ্যালেস্টার বোল্টেন প্রমুখ।এই সম্মেলনে দেশ-বিদেশের শতাধিক গবেষক, শিক্ষাবিদ, বিশেষজ্ঞ, বেসরকারি প্রতিনিধিরা প্রায় ৪০টি কর্মঅধিবেশনে অংশ নেন।