রাজনৈতিক এই শূন্যতা ও অচলাবস্থা বিচলিত হওয়ার মতো

বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল—বাংলাদেশ জাসদের জাতীয় কমিটির সভায় গৃহীত প্রস্তাবনায় বলা হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বিষণ্ন পরিস্থিতিতে দেশে বিচলিত হওয়ার মতো এক রাজনৈতিক শূন্যতা ও অচলাবস্থা দৃশ্যমান হয়েছে। এই অচলাবস্থা নিরসনে দলটি উদ্যোগ গ্রহণ করবে। গতকাল রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এই প্রস্তাব গৃহীত হয়।

সভায় বলা হয়, ১৪ দল তথা মহাজোটের সরকার সংসদ নির্বাচনের পরে আওয়ামী লীগের একক দলীয় সরকারে পরিণত হয়েছে। শুধু তাই নয়, রাজনৈতিক সরকারের সিদ্ধান্ত রাজনৈতিক পদ্ধতিতে হবার প্রবণতা ক্রমহ্রাস পেয়ে এখন তা প্রশাসনের একটি ক্ষুদ্র গোষ্ঠীর মধ্যে সীমিত হয়ে পড়েছে। প্রশাসনের বিশেষ ক্ষুদ্র গোষ্ঠীটি গণতন্ত্রকে বাক্সবন্দি করতে চাচ্ছে।