৬ হাজার রানের ক্লাবে মুশফিক

গতকালকের ম্যাচটা ছিল বাংলাদেশের সিরিজে টিকে থাকার ম্যাচ। শ্রীলঙ্কার বিপক্ষে ০-১ ব্যবধানে পিছিয়ে থেকে গতকাল দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু সেই সিরিজ বাঁচানোর মতো করে ব্যাট করতে পারলেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা।

প্রতিকূল পরিস্থিতিতে একমাত্র লড়াই করলেন মুশফিকুর রহিম। ৯৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়তে হলো মুশফিককে। তার আফসোসটা তাই রয়েই গেলো। মুশফিকের অবশ্য এই অপ্রাপ্তি ঘুচে                 গেছে অন্য দিক দিয়ে। এই ইনিংস খেলার পথে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার রান পার করলেন এই উইকেটরক্ষক। এর আগে তামিম ইকবাল ও সাকিব আল হাসান বাংলাদেশের পক্ষে ৬ হাজারের বেশি রান করেছেন। মুশফিকের এই ইনিংসে ভর করে ৮ উইকেটে ২৩৮ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কা ১০ ওভারে ৬৯ রান তুলেছে কোনো উইকেট না হারিয়ে।

বাংলাদেশের ইনিংসটা ছিল সে ফ মুশফিকময়। শেষ দিকে এসে মেহেদী হাসান মিরাজ ছাড়া আর কেউ সঙ্গ দিতে পারেননি মুশফিককে।

শুরুতেই, দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১১ রান করে ফিরে আসেন সৌম্য সরকার। এরপর ১৯ রান করে ফেরেন তামিম ইকবাল। এখানে এসে আকিলা ধনঞ্জয়া পরপর তুলে নেন ২ উইকেট। ১২ রানে মোহাম্মদ মিঠুন এবং মাহমুদউল্লাহ ৬ রানে ফিরে আসেন। এরপর অল্প রানে আরো ২ উইকেট হারায় বাংলাদেশ।

১১ রান করে সাব্বির রহমান রুম্মন রান আউট হন। আর ১৩ রান করে ফেরেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৩১.৫ ওভারে ১১৭ রান তুলতে ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। আর এখান থেকে ঘুরে দাঁড়ান মুশফিক ও মিরাজ। দুই জনে সপ্তম উইকেটে যোগ করেন ৮৪ রান। ৪৯ বলে ৬টি চারে সাজানো ৪৩ রানের ইনিংস খেলে মিরাজ আউট হওয়াতে এই জুটি ভাঙে। কিন্তু শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন মুশফিক।

শেষ দিকে তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানকে নিয়েও মুশফিক লড়েছেন। শেষ ওভারটায় হিসাব করে ব্যাট চালালে হয়তো সেঞ্চুরিটা হয়ে যেতো। কিন্তু শেষ পর্যন্ত ঐ আফসোসটা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। ১১০ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৯৮ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম।