সাভারে নদীতে নিখোঁজ তিন কলেজ ছাত্রের লাশ উদ্ধার

সাভারে ধলেশ্বরীর শাখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর তিন কলেজছাত্রের ভাসমান লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল রবিবার সকাল ১১টার দিকে ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরে নামা গেন্ডা পাগলার মোড় থেকে আকাশ, দুপুর ১২টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে বলিয়ারপুর কোন্ডা এলাকা থেকে মেহেদী হাসান এবং বিকাল তিনটার দিকে রাজনের লাশ উদ্ধার করা হয়। পানিতে ডুবে তিন কলেজছাত্রের মৃত্যুর ঘটনায় সহপাঠী, স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত তিন কলেজছাত্র হলো-রাজধানীর শেরেবাংলানগর থানার পশ্চিম কাফরুল তালতলা এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাজন, পীরেরবাগ এলাকার মো. জাফর আহম্মেদের ছেলে মেহেদি হাসান এবং সাভার পৌর এলাকার ব্যাংকটাউন মহল্লার বাবুল আহমেদের ছেলে তৌসিফ আহমেদ আকাশ। এরা সবাই রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈরী আবহাওয়া ও স্রোতের কারণে অভিযান বন্ধ রেখে রবিবার সকাল থেকে পুনরায় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করা হয়। এ সময় প্রথমে কলেজছাত্র আকাশের মৃতদেহ উদ্ধার করি। পরবর্তীতে মেহেদী হাসান ও রাজনের লাশ পাওয়া যায়। উদ্ধারকৃত মৃতদেহগুলো থানা পুলিশের মাধ্যমে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শনিবার কলেজে পৌঁছাতে দেরি হওয়ায় ধানমন্ডি আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির ১২ শিক্ষার্থী সহপাঠী আকাশের বাসা সাভারে ঘুরতে যায়। কিন্তু বাসায় না গিয়ে আকাশসহ সব বন্ধুরা মিলে ব্যাংকটাউন এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। এ সময় অন্যরা ফিরে আসলেও তীব্র স্রোতে তিন শিক্ষার্থী নদীতে তলিয়ে যায়।