কাপাসিয়ায় স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গতকাল রবিবার বিকালে কাপাসিয়া পুরাতন ধান বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ।
তিনি বলেন, ২০০৯ সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে এবং ২০১২ সালে রাজনীতি থেকে অবসর গ্রহণের পর সমগ্র বাংলাদেশে এবং বহির্বিশ্বে আমার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা দেখে আমি তাদের জন্য কিছু করার তাগিদ অনুভব করছিলাম। সাধারণ মানুষের ভালোবাসার ঋণ পরিশোধের তাগিদ থেকেই আমি ‘হটলাইন কমান্ডো’ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করি। এ বিনোদনমূলক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিরোধযোগ্য ব্যাধি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাই আমার মূল লক্ষ্য।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল রউফ দর্জির সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদু্জ্জামান আসাদ, সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউর রহমান লস্কর মিঠু, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোশারফ হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ, উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু তাহের মোড়ল প্রমুখ।