উত্পাদনশীলতা কার্যক্রমে বলিষ্ঠ ভূমিকার স্বীকৃতিস্বরূপ গতকাল রবিবার বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনকে (বিকেএমইএ) ‘ইনস্টিটিউশনাল এপ্রিসিয়েশন ক্রেস্ট-২০১৮’ এবং জাতীয় শিল্পক্ষেত্রে উত্পাদনশীলতা ও পণ্যের গুণগত মান উন্নয়নে অবদানের জন্য বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমান, এমপির নীটওয়্যার প্রতিষ্ঠান উইজডম অ্যাটেয়ার্স লিমিটেডকে ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৮’ পুরস্কারে ভূষিত করেছে শিল্প মন্ত্রণালয়।
বিকেএমইএ’র পক্ষে প্রথম সহসভাপতি মনসুর আহমেদ এবং উইজডম অ্যাটেয়ার্সের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক আকতার হোসেন অপূর্ব পুরস্কার গ্রহণ করেন। শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের (এনপিও) আওতায় এ পুরস্কার দেওয়া হয়। ইনস্টিটিউটশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।