অবৈধ সম্পদের অভিযোগ

দুদকে নথি দিলেন সিনহার বড়ো ভাই

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বড়ো ভাই নরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঐ অনুসন্ধানের ব্যাপারে দুদকের চাহিদাকৃত নথিপত্র নরেন্দ্র কুমার গতকাল রবিবার অনুসন্ধান কর্মকর্তা দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের কাছে জমা দেন।

দুদক সূত্র জানায়, নরেন্দ্র কুমার সিনহার নামে রাজধানীর উত্তরায় ১০ তলা ভবন থাকার তথ্য পেয়ে গত বছর অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট নথিপত্র চেয়ে তাকে নোটিশ দিয়েছিলেন অনুসন্ধান কর্মকর্তা।

নরেন্দ্র কুমার সিনহা একসময় নৌ-পরিবহন অধিদপ্তরে চাকরি করলেও বর্তমানে অবসর জীবন যাপন করছেন। এর আগে ছোটো ভাই অনন্ত কুমার সিনহার যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের একটি অভিযোগ অনুসন্ধানের সূত্র ধরে গত বছরের ৪ অক্টোবর নরেন্দ্র কুমার সিনহাকে জিজ্ঞাসাবাদ করে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে দুই সদস্যের একটি অনুসন্ধান দল। অনুসন্ধান দলের অপর সদস্য হলেন কমিশনের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান।