রাজধানীর মিরপুরের রাইনখোলায় সুমাইয়া আক্তার শিমু নামের এক তরুণীর মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। তাদের অভিযোগ, শিমুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে তারা গতকাল রবিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মিরপুর এলাকায় বিক্ষোভ করেন। এ সময় ঐ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মিরপুরসহ আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শাহআলী থানার পুলিশ বলছে, স্থানীয় লোকজনের উপস্থিতিতে শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাইনখোলায় ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় সিলিং ফ্যান থেকে শিমুর লাশ নামানো হয়। গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই বাসায় শিমু থাকতেন। তিনি রাইনখোলা এলাকার তৈরি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। তার সহকর্মীরা হত্যার অভিযোগ তুলে গতকাল সন্ধ্যায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে তাদের বুুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। রাত ৮টার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শাহআলী থানার পরিদর্শক (অপারেশন) মেহেদি হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিমু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। লাশের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে। তবে এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।