অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার কানুনগো, রাজউকের ইমারত পরিদর্শক ও এক ব্যবসায়ীর বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলা চারটি দায়ের করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় সাড়ে ২৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সরকারি কর্মচারী হয়েও পরিচয় গোপন করে ব্যবসা করার অভিযোগে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার কানুনগো মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ৪২ লাখ ৭২ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান ইমারত পরিদর্শক মো. বেলায়েত হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া এশিউর প্রোপার্টিজ লিমিটেডের মালিক মো. শেখ সাদীর বিরুদ্ধে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সরবরাহ না করার অভিযোগে মামলা হয়েছে।