জাপানের পররাষ্ট্রমন্ত্রী আজ ঢাকায় আসছেন

তিন দিনের সফরে আজ সোমবার ঢাকায় আসছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো। সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। এছাড়া তার সফরে দুই দেশের দ্বিপক্ষীয় বিষয়াদির পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হবে।

সূত্র জানায়, আগামী অক্টোবরে জাপানের নতুন সম্রাট শপথ নেবেন। শপথ অনুষ্ঠানে বিশ্বের ২০০টির মতো দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের উপস্থিতি আশা করছে টোকিও। বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানাবেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া জাপান সরকার ২০২০ সালের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টোকিও সফরের আমন্ত্রণ জানাতে চায়। সে বিষয়টিও জানাবেন পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো।

সূত্র আরো জানায়, আগামীকাল মঙ্গলবার জাপানের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করবেন। ঐ দিন ঢাকায় ফিরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নেতৃত্বাধীন বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন তিনি। বুধবার বাংলাদেশ থেকে তার মিয়ানমারে যাওয়ার কথা রয়েছে।