ডিএসইর দর কমার শীর্ষে মিউচুয়াল ফান্ড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেল সপ্তাহের শুরুতে বড়ো দরপতনের পর শেষের দিকে কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করে। এসময় মিউচুয়াল ফান্ডগুলোর সূচক বৃদ্ধিতে ভূমিকা রেখেছিল। কিন্তু গতকাল রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবসে দর কমার শীর্ষে উঠে এসেছে মিউচুয়াল ফান্ডগুলো। বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহ শেষে দর বৃদ্ধির শীর্ষ দশের সবকটি ছিল মিউচুয়াল ফান্ড। গতকাল রবিবার দর কমার শীর্ষে ১০টির মধ্যে ৯টি হলো মিউচুয়াল ফান্ড। গতকাল দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স, প্রাইম ১ আইসিবিএ মিউচুয়াল ফান্ড, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, ভ্যানগার্ড এএমএল বিডি মিউচুয়াল ফান্ড ১ ও আইসিবি এএমসিএল ২য় মিউচুয়াল ফান্ড।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইর প্রধান সূচকের তেমন পরিবর্তন না হলেও বৃহস্পতিবারের তুলনায় লেনদেন কমেছে। গতকাল ডিএসইতে মোট ৩৫১টি কোম্পানির ১৫ কোটি ৪৬ লাখ ৮৩ হাজার ১১৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৪০৬ কোটি ৩ হাজার ২৩৬ টাকা। যা গত কার্যদিবস  থেকে ৬১ কোটি টাকা কম। বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৪৬৭ কোটি ৯৩ লাখ ১ হাজার টাকা। ডিএসইর তথ্যে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ৫১৩৩ দশমিক ৯৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ১৮৩৯ দশমিক ৫৪ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ২ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ১১৭৬ দশমিক ৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার।

 লেনদেনের শীর্ষে ছিল— ইউনাইটেড পাওয়ার, বাংলাদেশ শিপিং করপোরেশন, ফরচুন সুজ, মুন্নু সিরামিকস, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, সিঙ্গার বিডি, বিকন ফার্মা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, জেএমআই সিরিঞ্জ ও প্রাইম লাইফ ইন্সুরেন্স। দর বৃদ্ধির শীর্ষে ছিল— বিডি অটোকারস, ইউনাইটেড ইন্সুরেন্স, মুন্নু সিরামিকস, লিগেসি ফুটওয়্যার, মুন্নু স্টাফলার, দেশ গার্মেন্ট, ইনটেক অনলাইন, ইস্টার্ন কেবলস, বাংলাদেশ শিপিং করপোরেশন ও জেমিনি সি ফুড। অপরদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৭১৬ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।