জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গতকাল দুপুরে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি ভর্তি পরীক্ষার আনুষঙ্গিক বিষয়গুলো সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, 'এ বছরের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।' তিনি বলেন, 'ভর্তি পরীক্ষার কেন্দ্র বৃদ্ধি ও ইউনিট ভিত্তিক পরীক্ষার ধরনের কোনো পরিবর্তন আসবে কি না-এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ভর্তি পরীক্ষা কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।'