ঈশ্বরদীতে অর্ধদিবস হরতাল পালিত

ঈশ্বরদীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে সোমবার ঈশ্বরদীতে সকাল ৬টা হতে ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল শান্তিপূর্ণভাবে হয়েছে।

হরতালে শহরে বাস, ট্রাক, রিকশা, অটো রিকশাসহ  যানবাহন চলেনি। ব্যাংক-বীমা এবং সকল দোকানপাঠ বন্ধ ছিল। শান্তিপূর্ণভাবে হরতাল চলাকালে কোন সহিংসতার ঘটনা ঘটেনি। মুক্তিযোদ্ধা-জনতা স্টিয়ারিং কমিটির আহ্বানে এই হরতাল পালিত হয়।

আরও পড়ুন: রাজধানীর হাজারীবাগে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

হরতাল চলাকালে রেলগেট ট্রাফিক মোড়ে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মণ্ডল, ফজলুর রহমান ফান্টু, হবিুবল ইসলাম হব্বুল, আব্দুল খালেক, সিরাজ উদ্দিন বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার কুণ্ডু, যুবলীগ নেতা আনোয়ার হোসেন প্রমূখ। এসময় উপজেলা চেয়ারম্যান নূরুজ্জামান বিশ্বাস উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাসসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।   

এদিকে গত ২৭ জুলাই পুলিশ হেড কোয়ার্টার হতে পাঠানো এক পত্রে বহুল আলোচিত মুক্তিযোদ্ধা হত্যা মামলাটির তদন্ত ঈশ্বরদী থানা হতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর উপর ন্যস্ত করার নির্দেশনা এসেছে। পাবনা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গৌতম বিশ্বাস ও ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত: গত ৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক নয়টার দিকে মুক্তিযোদ্ধা ও পাকশীর আওয়ামী লীগ নেতা সেলিম মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে প্রবেশের সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

ইত্তেফাক/এমআরএম