ঢাকা বিশ্ববিদ্যালয়ে শরৎ উৎসব স্থগিত, বাতিল হয়নি: চারুকলার ডিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় প্রতি বছর আয়োজিত হয়ে আসা সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর 'শরৎ উৎসব' এই বছর 'অনেকের আপত্তি' এবং 'গন্ডগোলের আশঙ্কা' থেকে স্থগিত করা হয়েছে। তবে অনুষ্ঠানটি বাতিল করা হয়নি এবং পরবর্তী সময়ে এটি উদ্‌যাপন করা হতে পারে।

শুক্রবার (১০ অক্টোবর) গণমাধ্যমকে এ কথা নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম। 

তিনি বলেন, 'অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে, বাতিল করা হয়নি। পরবর্তী সময়ে উদ্‌যাপন করা হবে। আগামীকাল একটি মিটিং করে আমরা পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।'

চারুকলার ডিন আজহারুল ইসলাম জানান, 'ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে অনেকের আপত্তির পরিপ্রেক্ষিতে এবং গন্ডগোলের ইঙ্গিত পেয়ে আমরা এটি সাময়িকভাবে স্থগিত করি।' তিনি বলেন, অনেক জায়গা থেকে ফোনে আপত্তি জানানো হয়েছে যে তারা 'ফ্যাসিবাদের দোসরদের' অনুষ্ঠান করার সুযোগ দিচ্ছেন, এবং এমনটা করলে গন্ডগোল হবে। সেই জায়গা থেকেই এই সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছেন। 

অন্যদিকে, আয়োজকদের একজন, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী (সুইট), যিনি গত ১৯ বছর ধরে চারুকলায় এই উৎসব উদ্‌যাপন করে আসছেন, তিনি এই সিদ্ধান্তে আতঙ্কিত। তিনি বলেন, তাকে 'ফ্যাসিবাদের দোসর' আখ্যা দিয়ে আপত্তি তোলা হয়েছে, অথচ আওয়ামী লীগের নাম–গন্ধে কোথাও কোনোদিন তিনি ছিলেন না। তিনি মনে করেন, সব প্রস্তুতি শেষ করার পর হঠাৎ এই স্থগিতাদেশের মাধ্যমে সারা বিশ্বব্যাপী একটি 'বাজে ইঙ্গিত' গেল। 

মানজার চৌধুরী বলেন, 'এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রকৃতির বন্দনা করি। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত—এগুলোর সঙ্গে তো কোনো সম্পর্ক নেই। এমনকি আমরা দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠান করে আসছি। আর আমরা তো কোনো ভুঁইফোড় সংগঠনও না।' তবে তিনি জানিয়েছেন, ছোট পরিসরে গেন্ডারিয়ার কচিকাঁচার মেলার মাঠে শরৎ উৎসব করা হচ্ছে এবং কর্তৃপক্ষ আগামীকাল তাদের সঙ্গে বসতে চেয়েছে।