সপ্তাহখানেক ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সৌম্য সরকার। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েও শেষ পর্যন্ত যেতে পারেননি। সংযুক্ত আরব আমিরাতের ভিসা জটিলতায় আটকে গিয়েছিল তার যাত্রা। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল, বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের কাঁধেও এসে পড়েছিল চাপ।
সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার একই পথে হেঁটেছিলেন মোহাম্মদ নাঈম শেখও। তবে শেষ মুহূর্তে মিলেছে সুসংবাদ। নাঈম দলের সঙ্গে যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন। গতকাল বিসিবি জানিয়েছে, রাতেই দুবাইয়ের ফ্লাইটে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন নাঈম। এই হিসেবে আজ ভোরেই যোগ দেওয়ার কথা রয়েছে। তবে আজ সন্ধ্যায়ই আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে এই ব্যাটার নামতে পারবেন কিনা, সেটি নিয়েও সংশয় রয়েছে।
যদিও ভিসা জটিলতায় সৌম্যর অনুপস্থিতির পর নাঈমকে নিয়েও যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা দূর হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে দল। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমও কিছুটা স্বস্তি পেলেন। কারণ, সৌম্যকে পাঠাতে ব্যর্থ হওয়ার পর এবার অন্তত নাঈমকে পাঠাতে পারলেন তিনি।
বাংলাদেশের এখন অবস্থান আবুধাবিতে। সেখানে আফগানিস্তানের বিপক্ষে চলছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শেখ জায়েদ স্টেডিয়ামে আজ বাংলাদেশের নজর সিরিজ রক্ষার। যেখানে নাঈম শেখের যোগদান অন্তত একটুখানি আশার আলো জাগাচ্ছে। ওপেনিংয়ে নতুন ছন্দ আনতে পারলে হয়তো আজ ঘুরে দাঁড়ানোর সুযোগ মিলবে লাল-সবুজের জন্য।
এখন দেখার বিষয়-আবুধাবির গরম আবহাওয়া আর চাপের ম্যাচে নাঈম কতটা ঠান্ডা মাথায় নিজের ইনিংস সাজাতে পারেন। যদিও আজকের একাদশে তার জায়গা পাওয়ার সম্ভাবনা কম, সবকিছু ঠিক থাকলে তৃতীয় ও শেষ ওয়ানডেতে তাকে দেখা যেতে পারে।