বায়ুদূষণে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ

রোববার (১২ অক্টোবর) সকালে রাজধানী ঢাকায় বায়ুদূষণের মাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। বায়ুদূষণের দিক থেকে আজ বিশ্বের ১২৭টি শহরের মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ।

সুইজারল্যান্ডভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, সকাল ৯টায় ঢাকার গড় বায়ুমান সূচক (AQI) ছিল ১৬৪, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ। এই তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর (AQI: ১৯৩)।

বিশেষজ্ঞরা মনে করছেন, রাজধানীর দূষণ নিয়ন্ত্রণে কার্যকর কোনও পদক্ষেপ নেই। বৃষ্টি হলে কিছু দিনের জন্য দূষণ কমলেও, তা দীর্ঘস্থায়ী হয় না।

গতকাল শনিবার ঢাকায় ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছিল, যা কিছুটা দূষণ কমাতে সহায়ক ছিল। তবে আজকের মতো বৃষ্টিহীন দিনে দূষণের মাত্রা দ্রুত বাড়ে।

পরিসংখ্যান বলছে, জুলাই মাসে দূষণ তুলনামূলক কম থাকে, তবে সেপ্টেম্বর ও অক্টোবর থেকে তা আবার বাড়তে শুরু করে। চলতি অক্টোবরের শুরু থেকেই ঢাকার দূষণ পুনরায় আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে।