‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ জারির দাবিতে পদযাত্রা সোমবার

প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ–২০২৫’ দ্রুত জারির দাবিতে রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা আগামী সোমবার (১৩ অক্টোবর) শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছেন।

শুক্রবার (১০ অক্টোবর) ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’ ব্যানারে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজকে কেন্দ্র করে প্রস্তাবিত এই অধ্যাদেশ নিয়ে ইতোমধ্যেই নানামুখী আলোচনা ও মতবিরোধ দেখা দিয়েছে। তবে শিক্ষার্থীদের একমাত্র দাবি এখন দ্রুততম সময়ের মধ্যে অধ্যাদেশ জারি করা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় অধ্যাদেশের খসড়া নিয়ে অংশীজনদের মতামত নিয়েছে।

তবে শিক্ষার্থীদের অভিযোগ 'আশ্বাসের কথা আমরা আগেও শুনেছি। এবার আমরা লিখিত, নির্দিষ্ট দিন-তারিখ চাই। দিনক্ষণ না জানানো হলে আমরা পড়ার টেবিল নয়, থাকব আন্দোলনের ময়দানেই।'

তারা আরও বলেন, 'বিশ্ববিদ্যালয় যে মডেলেই গঠিত হোক, এখন সময় সিদ্ধান্ত নেওয়ার। অধ্যাদেশ ছাড়া আমরা শান্ত থাকতে পারি না। তাই ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় শিক্ষা ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে।'