ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত লোগো, সিল ও মনোগ্রাম প্রকাশ

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১৬:৩২

দেশের ৫৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) চূড়ান্ত লোগো, সিল ও মনোগ্রাম প্রকাশ করা হয়েছে। শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এগুলো প্রকাশ করা হবে। পাশাপাশি পরিচয়পত্র (আইডি কার্ড), লেটারহেডসহ বিভিন্ন দাপ্তরিক কাজে এসব প্রতীক ব্যবহার শুরু হবে।

বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, লোগোর রঙে কিছু পরিবর্তন এনে চূড়ান্ত করা হয়েছে। যেহেতু নকশাগত কোনো বড় পরিবর্তন হয়নি, তাই এ বিষয়ে আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে লোগোর সাদা-কালো সংস্করণ অপরিবর্তিত রয়েছে। আনুষ্ঠানিক মোড়ক উন্মোচনের সময় এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। আপাতত আইডি কার্ড ও জরুরি দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য লোগোটি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত লোগোতে ঢাল আকৃতির নকশার মধ্যে খোলা বই, উদীয়মান সূর্য এবং পৃথিবীর প্রতীক (গ্লোব) স্থান পেয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের স্লোগান ‘লার্ন • ক্রিয়েট • ইনস্পায়ার’ সংযোজন করা হয়েছে। গাঢ় নীল, গাঢ় লাল, সাদা ও কমলা রঙের সমন্বয়ে তৈরি লোগোর নিচে রিবনের ওপর লেখা রয়েছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।

বিশ্ববিদ্যালয়ের প্রতীকী সিলেও বৃত্তাকার নকশা ব্যবহার করা হয়েছে। বাইরের নীল বৃত্তে ইংরেজিতে বিশ্ববিদ্যালয়ের স্লোগান এবং নিচে **‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’** লেখা রয়েছে। নীল, সাদা, লাল ও সোনালি রঙের সমন্বয়ে তৈরি এ সিল শিক্ষা, জ্ঞানচর্চা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গির প্রতীক হিসেবে ডিজাইন করা হয়েছে।

এ ছাড়া মনোগ্রামেও ঢাল আকৃতির নকশার সঙ্গে উদীয়মান সূর্য, খোলা বই ও পৃথিবীর প্রতীক যুক্ত করা হয়েছে। নিচে ফিতার আকৃতিতে বিশ্ববিদ্যালয়ের নাম সংযুক্ত রয়েছে। এটি সরকারি নথি, লেটারহেড, পরিচয়পত্র, প্রকাশনা ও অন্যান্য আনুষ্ঠানিক কাজে ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে।

রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে ২০২৬ সালে দেশের ৫৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের পর গত ১০ এপ্রিল জাতীয় সংসদে বিশ্ববিদ্যালয়টির আইন পাস হয়।

ইত্তেফাক/এমএএম