বিশ্ববিদ্যালয়গুলোর মান ও আন্তর্জাতিক অবস্থান মূল্যায়নের ক্ষেত্রে অন্যতম প্রভাবশালী সংস্থা টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) সম্প্রতি প্রকাশ করেছে তাদের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬। এবারের তালিকায় বাংলাদেশ থেকে স্থান পেয়েছে মোট ২৮টি বিশ্ববিদ্যালয়। তবে টেক্সটাইল বিষয়ে বিশেষায়িত দেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এবারও টিএইচই র্যাঙ্কিংয়ে জায়গা পায়নি।
প্রকাশিত তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, ২২টি বিশ্ববিদ্যালয় সরাসরি র্যাঙ্কিংয়ে থাকলেও বাকি ৬টি রয়েছে ‘রিপোর্টার’ ক্যাটাগরিতে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বেশিরভাগই অবস্থান করছে ৮০০ র্যাঙ্কের পরবর্তী স্তরে। তালিকার শীর্ষে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।
এছাড়া ‘রিপোর্টার’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), উত্তরা বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
টেক্সটাইল বিষয়ক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রতিবেশী দেশ পাকিস্তানের ন্যাশনাল টেক্সটাইল ইউনিভার্সিটি ১২০১–১৫০০ র্যাঙ্কের মধ্যেই অবস্থান করেছে। একইভাবে চীনের উহান টেক্সটাইল ইউনিভার্সিটি একই রেঞ্জে রয়েছে, আর উজবেকিস্তানের Tashkent Institute of Textile and Light Industry ‘রিপোর্টার’ তালিকায় আছে। গবেষণার পরিবেশে বিশেষ কৃতিত্ব দেখিয়ে চীনের ডংহুয়া ইউনিভার্সিটি ৪০১–৫০০ র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে।
বিশ্বমানের এই তালিকায় নাম না থাকলেও বুটেক্স ইতোমধ্যেই আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্তির জন্য প্রাথমিক শর্তগুলো পূরণ করেছে। বিশ্ববিদ্যালয়টি এখন QS ও টাইমস হায়ার এডুকেশনের মতো মর্যাদাপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছে।
বিশ্ববিদ্যালয়ের গবেষণামুখী শিক্ষকরা জানান, বুটেক্সের বিদ্যমান অবকাঠামো ও সুযোগ–সুবিধার তুলনায় শিক্ষকবৃন্দ গবেষণায় যথেষ্ট ভালো করছেন। সাম্প্রতিক বছরগুলোর পরিসংখ্যান অনুযায়ী, বুটেক্সের সংযুক্তিতে প্রতি বছর প্রায় একশটি গবেষণা প্রবন্ধ স্কোপাস-সূচিভুক্ত জার্নালে প্রকাশিত হচ্ছে। ২০১০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ৫৫৫টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে—যা একটি ক্রমবর্ধমান গবেষণা কার্যক্রমের শক্ত প্রমাণ। গবেষণার এই সাফল্য আরও দৃশ্যমান করতে হলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ রাখা জরুরি। শিক্ষকদের প্রোফাইলে অর্কিড (ORCID) আইডি, স্কোপাস (Scopus), রিসার্চগেট (ResearchGate) ও গুগল স্কলার (Google Scholar) লিঙ্ক আপডেট থাকা প্রয়োজন।
তারা আরও বলেন, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্তি স্বয়ংক্রিয় কোনো প্রক্রিয়া নয়। প্রাথমিক যোগ্যতা পূরণ করলেই কোনো বিশ্ববিদ্যালয় স্বয়ংক্রিয়ভাবে র্যাঙ্কিংয়ে স্থান পায় না। এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হয় এবং নির্ধারিত তথ্যসমূহ সংশ্লিষ্ট সংস্থার পোর্টালে জমা দিতে হয়।
র্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্তির জন্য দুটি ধাপে পদক্ষেপ নিতে হবে—
প্রথমত, আবেদন ও ডেটা পোর্টালে নিবন্ধন: তথ্য প্রস্তুতির পাশাপাশি QS ও টাইমস হায়ার এডুকেশন কর্তৃপক্ষের কাছে ইমেইলের মাধ্যমে আনুষ্ঠানিক আবেদন করতে হবে এবং পরবর্তীতে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্য তাদের অফিসিয়াল পোর্টালে জমা দিতে হবে।
দ্বিতীয়ত, প্রয়োজনীয় তথ্যাবলী প্রস্তুতকরণ: আবেদন করার পর বিশ্ববিদ্যালয়কে তার মৌলিক তথ্য, একাডেমিক ও প্রশাসনিক কাঠামো, শিক্ষক–কর্মকর্তা ও গবেষণার তথ্য, প্রাক্তন শিক্ষার্থীদের তথ্যসহ বিস্তারিত উপাত্ত জমা দিতে হয়।
শিক্ষকদের মতে, এই ধাপগুলো সফলভাবে সম্পন্ন করতে পারলে বুটেক্সের জন্য আন্তর্জাতিক স্বীকৃতির নতুন দিগন্ত উন্মোচিত হবে। এতে শুধু বিশ্ববিদ্যালয়ের অবস্থানই উন্নত হবে না, বরং বাংলাদেশের টেক্সটাইল শিক্ষার মানও বিশ্ব অঙ্গনে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে।
প্রসঙ্গত, টাইমস হায়ার এডুকেশনের এই র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করা হয় শিক্ষার মান, গবেষণার পরিবেশ, শিল্প–বাণিজ্যিক সংযুক্তি এবং আন্তর্জাতিকীকরণ সূচকের ভিত্তিতে। এবারের র্যাঙ্কিংয়ে অংশ নিয়েছে ১১৫টি দেশের দুই হাজারেরও বেশি বিশ্ববিদ্যালয়। তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যা টানা দশমবারের মতো প্রথম স্থান ধরে রেখেছে।