অভ্যন্তরীণ নিরীক্ষার দুর্বলতা ব্যাংকে বহু অনিয়মের জন্ম দেয়

বিআইবিএমের কর্মশালায় বিশেষজ্ঞদের অভিমত

ইত্তেফাক রিপোর্ট

তথ্যপ্রযুক্তি বা আইটি ব্যাংকিং খাতের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এটি ব্যাংকের ঝুঁকি কমাতে সহায়তা করে। এর সঙ্গে অভ্যন্তরীণ নিরীক্ষা সম্পৃক্ত (ইন্টারনাল কনট্র্রোল অ্যান্ড কমপ্লায়েন্সের বা আইসিসি)। বিশেষজ্ঞরা বলছেন, অভ্যন্তরীণ নিরীক্ষার দুর্বলতা ব্যাংকে অনেক অনিয়মের জন্ম দেয়। এতে দক্ষ জনবল নিয়োগ দেওয়া এবং তাদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। গতকাল সোমবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত এক গবেষণা কর্মশালায় বিশেষজ্ঞরা এ অভিমত তুলে ধরেন। ‘ইউজ অব ইনফরমেশন টেকনোলজি ইন এনহ্যান্সিং ইফিসিয়েন্সি অব ইন্টারনাল কনট্রোল সিস্টেমস’ শীর্ষক গবেষণা কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান।

আলোচনায় অংশ নিয়ে পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক হেলাল আহমদ চৌধুরী বলেন, ব্যাংকিংয়ে আইটিকে আলাদা কোনো বিভাগ বলার সুযোগ নেই। এটি এখন ব্যাংকের অবিচ্ছেদ্য অংশ। আইসিসির দুর্বলতা ব্যাংকের অনেক অনিয়মের জন্ম দেয়। এতে যারা যুক্ত তাদের স্বাধীনভাবে কাজ করতে সবার সহযোগিতা দরকার। গবেষণায় প্রতিবেদনে বলা হয়, ব্যাংকিং খাতে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ সুফল পেতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ব্যাংকারদের তথ্যপ্রযুক্তি বিষয়ে জ্ঞান ও দক্ষতা বাড়াতে হবে। একই সঙ্গে অভ্যন্তরীণ নিরীক্ষায় অটোমেশন ব্যবস্থা নিরীক্ষা কার্যক্রম  আরো কার্যকর এবং ফলপ্রসূ হবে।

আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা পুরোপুরি প্রযুক্তিভিত্তিক করতে হবে। অভ্যন্তরীণ নিরীক্ষাকে আরো গুরুত্ব দিতে হবে। এজন্য সুশাসনের প্রয়োজন। সুশাসনের মাধ্যমে আইসিসি এবং আইটিকে ঠিক রাখতে হবে। ব্যাংকিং খাতে নতুন নতুন চ্যালেঞ্জ  মোকাবিলায় দক্ষ কর্মী গড়ে তোলা প্রয়োজন।

এস এম মনিরুজ্জামান বলেন, ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি তথ্যপ্রযুক্তিভিত্তিক হলে পরিদর্শন কার্যক্রম আরো গতিশীল হবে। একই সঙ্গে ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের শাখা পর্যায় পর্যন্ত নজরদারি অনেক সহজ হবে। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকিং অটোমেশনের জন্য কাজ করছে। এরই মধ্যে সংশ্লিষ্ট একটি গাইডলাইনও তৈরি করা হয়েছে।

বিআইবিএমের ড. মোজাফফর আহমদ চেয়ার প্রফেসর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. বরকত-এ-খোদার সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিআইবিএমের সাবেক সুপারনিউমারারি অধ্যাপক ইয়াছিন আলি, বিআইবিএমের অধ্যাপক এবং পরিচালক  ড. শাহ মো. আহসান হাবীব, আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মনিতুর রহমান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং বিআইবিএমের মহাপরিচালক মহা. নাজিমুদ্দিন প্রমুখ।