পারস্য উপসাগরে নৌবহর পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সামরিক জোট গঠন হবে উসকানিমূলক : ইরান

রয়টার্স

ডেস্ট্রয়ারসহ সামরিক নৌবহর পাঠানোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পারস্য উপসাগরে সামরিক জোটে যোগ দেওয়ার পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়া। মার্কিন নেতৃত্বাধীন ঐ সামরিক জোট হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজের নিরাপত্তা দেওয়ার কাজ করবে বলে দাবি ওয়াশিংটনের। তবে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই নৌবহর গঠন হবে উসকানিমূলক। এদিকে এরই মধ্যে হরমুজ প্রণালিতে পৌঁছেছে যুক্তরাজ্যের দ্বিতীয় যুদ্ধজাহাজ।

দক্ষিণ কোরিয়ার একটি দৈনিক পত্রিকার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালিতে ইরানকে ঠেকাতে বিভিন্ন দেশকে নিয়ে মিত্র যুক্তরাষ্ট্রের সামরিক জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক সিউলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, সোমালিয়ার জলসীমায় টহলরত চেওংগায়ে নামের অ্যান্টি পাইরেসি নৌবহরকে পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ঐ অঞ্চলে চলাচলকারী দেশীয় জাহাজগুলোকে রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে আলোচনা হলেও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মন্ত্রণালয়ের এক জন মুখপাত্র সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘আমরা বিষয়টির সম্ভাব্যতা যাচাই করছি।’

তবে পারস্য উপসাগরে এই নৌবহর গঠনের প্রস্তাবকে ‘শত্রুভাবাপন্ন’ ও ‘উসকানিমূলক’ বলে মন্তব্য করেছে ইরান। দেশটির সরকারের মুখপাত্র আলি রাবেইল এই মন্তব্য করেছেন। ইরানি বার্তা সংস্থা আইএসএনএকে তিনি বলেন, ‘পারস্য উপসাগরে ইউরোপীয় ইউনিয়নের এ পদক্ষেপ শত্রুতামূলক বার্তা দেয়। এটি উসকানিমূলক এবং এ অঞ্চলের অস্থিরতা আরো বাড়াবে। আলি রাবেই আরো বলেন, ‘ইরান বিশ্বাস করে যে পারস্য উপসাগরের হরমুজ প্রণালির নিরাপত্তা রক্ষার দায়িত্ব এ অঞ্চলের দেশগুলোরই। আমরাই পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করার সবচেয়ে বড়ো প্রতিনিধি।’