নাঈমের সেঞ্চুরি ‘এ’ দলের সিরিজ ড্র

স্পোর্টস রিপোর্টার

বিশ্বকাপ, বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের ‘এ’ দলের সিরিজটা তাই সবার দৃষ্টি কাড়েনি। চার দিনের ম্যাচে ১-০ তে সিরিজ হারলেও বড় সমালোচনার ঝড়ে পড়তে হয়নি তাদের। ওয়ানডে সিরিজের শুরুতে টানা দুটি ম্যাচ হারার পর নির্বাচকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। কিন্তু একইসঙ্গে জাতীয় দল, ‘এ’ দল, বিসিবি একাদশ খেলায় থাকার কারণে বড় পরিবর্তনের সুযোগ ছিল না। শেষ পর্যন্ত দেশের তৃতীয় সারির দলটার উপরই ভরসা রাখতে হয়েছিল নির্বাচকদের।

সিরিজ শেষে সান্ত্বনা, ওয়ানডেতে অন্তত একই লজ্জায় পড়তে হয়নি। আফগানদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজটা ড্র করতে সমর্থ হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সিরিজ হারের চোখ রাঙানি নিয়েই গতকাল পঞ্চম ও শেষ ওয়ানডে খেলতে নেমেছিল স্বাগতিকরা। স্বস্তির খবর বিকেএসপিতে গতকাল নাঈম শেখের সেঞ্চুরিতে ৬২ রানে জিতেছে ইমরুল কায়েসের দল। তাতেই ২-২ এ সিরিজ ড্র করে মাঠ ছাড়ল ‘এ’ দল।

চট্টগ্রামে ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতেছিল আফগানিস্তান। তৃতীয় ম্যাচ জিতে সিরিজে ফিরেছিল ইমরুলের দল। বিকেএসপিতে চতুর্থ ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়। গতকাল শেষ ম্যাচ জিতে সিরিজ ড্র করল স্বাগতিকরা।

গতকাল টসে হেরে আগে ব্যাট করা বাংলাদেশ ‘এ’ দল ৯ উইকেটে ২৬২ রান তোলে। টপঅর্ডারে চারজন রান পেয়েছেন। মিডল অর্ডারে ইনিংস বড় করতে পারেননি কেউই। তাই বাংলাদেশের স্কোরটা ৩০০ ছাড়াতে পারেনি। ১৪৩ বলে ১২৬ রান (১১ চার, ১ ছয়) করেন নাঈম শেখ। তার ব্যাটেই এগিয়েছে বাংলাদেশের রানের চাকা। ৪৫ রানে ২ উইকেট পতনের পর তৃতীয় উইকেটে আমিনুল ইসলামের সঙ্গে ৮০ রানের জুটি গড়েন নাঈম শেখ। চতুর্থ উইকেটে আফিফ হোসেনের সঙ্গেও ৮৪ রানের জুটি গড়েন তিনি। ৪৮তম ওভারে আউট হন নাঈম শেখ। আফিফ হোসেন ৫৩, ইমরুল ২১, আমিনুল ইসলাম ২২ রান করেন। আফগানদের পক্ষে করিম জানাত ৪টি, ফজল রহমান ২টি করে উইকেট নেন।

জবাবে ৪৫.১ ওভারে ২০০ রানে অলআউট হয় আফগান ‘এ’ দল। গুরবাজ ৫৪, শাহিদ কামাল ১৪, নাসির জামাল ৪৭, আশরাফ ৩৫, মিরওয়াইজ আশরাফ ২৩ রান করেন। বাংলাদেশের তরুণ পেসার ইয়াসিন আরাফাত মিশু তিনটি, শফিকুল-আমিনুল দুটি করে, রাহী, মেহেদী হাসান একটি করে উইকেট পান।