হারে চিন্তিত নন লিভারপুল কোচ

  স্পোর্টস ডেস্ক

ইউরোপ চ্যাম্পিয়ন লিভারপুল প্রাক মৌসুম প্রীতিম্যাচে ন্যাপোলির বিপক্ষে বড়ো হারের কবলে পড়েছে। স্কটল্যান্ডের এডিনবার্গে গত রবিবার ৩-০ গোলে হেরেছে কোচ য়ুর্গেন ক্লপের দল। প্রাক মৌসুমে দলের এমন পারফরমেন্সে বিচলিত নন লিভারপুল কোচ। তবে দলকে আরো উন্নতি করার তাগিদ দিয়েছেন তিনি।

প্রাক মৌসুমে নিজেদের শেষ তিন ম্যাচের দুটিতেই হেরেছিল লিভারপুল। বরুসিয়া ডর্টমুন্ড আর সেভিয়ার কাছে হারা দুটি ম্যাচে ব্যবধান ছিল মাত্র এক গোলের। এরপর ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি ড্র করে স্পোর্টিং লিসবনের সঙ্গে।

এরপরই ন্যাপোলির কাছে বড়ো ব্যবধানে হারে অল রেডরা। গোলের সূচনা করেন লরেঞ্জো ইনসিনিয়ে। ১৭ মিনিটে ন্যাপোলিকে এগিয়ে দেওয়ার পরের দুই গোলেও ছিল তার সরাসরি অবদান। ইনসিনিয়ের বাড়ানো বল থেকে ২৮ মিনিটে আলেক্সান্দার মিলিক আর ৫২ মিনিটে আমিন য়োনেস গোল করলে বড়ো হার নিশ্চিত হয় লিভারপুলের।  

কোচ য়ুর্গেন ক্লপ অবশ্য এমন হারের পরও খুব একটা অসন্তুষ্টি প্রকাশ করেননি। জার্মান কোচ বলেন, ‘আমাদের শুরুটা ভালো হয়েছিল। শেষেও ভালো খেলেছি আমরা। কিন্তু সমস্যাটা হচ্ছে, মাঝে কিছু সহজ গোল হজম করেছি আমরা।’

আগামীকাল ফরাসি দল অলিম্পিক লিওঁর মুখোমুখি হবে লিভারপুল। এরপরেই মূল মৌসুম শুরু হয়ে যাবে দলটির। আগামী রবিবার কমিউনিটি শিল্ডের ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে তারা। এর আগে পারফরমেন্সে আরো উন্নতি কামনা করলেন ক্লপ।

লিভারপুল কোচের ভাষ্য, ‘আমাদের আরো ভালো খেলতে হবে। আমি কোনো প্রকার অজুহাত দাঁড় করাতে চাই না। আমাদের কাছাকাছি সময়েই ন্যাপোলি তাদের প্রাক মৌসুম শুরু করেছিল কিন্তু তারা আমাদের তিন সপ্তাহ পরে তাদের লিগ শুরু করবে, ফলে তারা ধীরে-সুস্থে অনুশীলন করে মাঠে নামতে পারবে। কিন্তু এই চার সপ্তাহে আমাদের অনেক কঠোর পরিশ্রম করতে হবে। কখনো কখনো এমন সব ম্যাচে এই সব কারণে আপনার পা ভারী হয়ে আসতে পারে।’

প্রাক মৌসুমের শুরু থেকেই মূল একাদশের বেশকিছু পরিচিত মুখকে ছাড়াই খেলেছে লিভারপুল।  দলে না ফেরা খেলোয়াড়দের তালিকায় ছিলেন মোহামেদ সালাহ, রবার্তো ফিরমিনো, সাদিও মানে, এলিসন বেকাররাও। গতকাল সোমবার মানে ছাড়া বাকি সব খেলোয়াড়কেই ফিরে পাওয়ার কথা লিভারপুলের। আসন্ন ২০১৯-২০ মৌসুমের প্রকৃত প্রস্তুতি এখন থেকেই শুরু হবে বলে মনে করছেন ক্লপ।

জার্মান কোচ বলেন, ‘আমি আগে থেকেই জানতাম যে, এই গ্রীষ্মটা ব্যতিক্রম এবং কঠিন হতে যাচ্ছে। সোমবার থেকে সাদিও মানে ছাড়া আমার দলের সবাইকে পাবো আমরা এবং তাকেই আমাদের সত্যিকারের প্রস্তুতি শুরুর সময় হিসেবে ধরে রেখেছি আমি।’