দুটি দলের স্বত্ব বিক্রির দরপত্র আহ্বান

বিপিএল

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের জন্য দুটি ফ্র্যাঞ্চাইজি তথা দলের স্বত্ব বিক্রির দরপত্র আহ্বান করেছে বিসিবি। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইট টাইগার ক্রিকেট ডট কমে গতকাল এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম বিভাগীয় দলের ফ্র্যাঞ্চাইজি ডিবিএল গ্রুপ আর বিপিএলে অংশ নিবে না। বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে তারা। তাই সেই দলটি বিক্রি করবে বিসিবি। এছাড়া এবার আরেকটি নতুন দল যুক্ত হচ্ছে। গত আসরে সাতটি দল খেললেও সপ্তম আসরে বিপিএলে খেলবে আটটি দল।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গতকাল এ সম্পর্কে বলেছেন, ‘চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির মালিক যারা ছিল তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তারা অংশ নিবে না। আর আমরা নতুন একটি দল নিব। তাই এক্সপ্রেশন্স অব ইন্টারেস্ট চেয়েছি আমরা।’ বিপিএলের গত আসরে খেলেনি বরিশাল বুলস। নতুন আরেকটি দল যুক্ত করার প্রয়াস বলছে আবারও বিপিএলে ফিরতে পারে বরিশাল বিভাগের দলটি। প্রকাশিত দরপত্রে বলা হয়েছে, চার বছর তথা আসরের (৭ম, ৮ম, ৯ম, ১০ম) জন্য দলের স্বত্ব বিক্রি করবে বিসিবি। আগ্রহীদের আগামী ২০ আগস্টের মধ্যে বিসিবির প্রধান নির্বাহী বরাবর কাগজপত্র পাঠাতে হবে। উল্লেখ্য, গত শনিবার সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, আগামী ৬ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল। উদ্বোধনী অনুষ্ঠান ৩ ডিসেম্বর।