হুমকিতে শিবচরের খলিফাকান্দি গ্রাম
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
শিবচরে আড়িয়াল খাঁ নদীর তীব্র ভাঙনে শত শত ঘরবাড়িসহ পশ্চিম কাকইর এলাকার খলিফাকান্দি গ্রাম নদীগর্ভে বিলীনের হুমকিতে রয়েছে।
সরেজমিনে জানা গেছে, উপজেলার শিরুয়াইল ইউনিয়নের পশ্চিম কাকইর এলাকার খলিফাকান্দি গ্রামটি আড়িয়াল খাঁ নদীর ভাঙনে বিলীনের হুমকিতে রয়েছে। ইতিমধ্যে গ্রামের চারটি পাকা মসজিদ ও ২৫টিরও বেশি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া দুই বছর আগে এলজিইডির অর্থায়নের এইচবিবি (ইট) দিয়ে নির্মাণ করা খলিফাকান্দির পাকা রাস্তা প্রতি মুহূর্তে ভেঙে পড়ছে।
ভাঙনকবলিত খলিফাকান্দি এলাকার রিয়াজুল খলিফা বলেন, গতবারও এখানে ভাঙছে। এবার অনেক বেশি ভাঙছে।
একই এলাকার সাজাহান শিকদার বলেন, আমার বাড়িঘর সব নদীতে ভেঙে গেছে পরের জমির ওপর ঘরের মালামাল রাখছি। ঘর উঠানোর মতো কোনো টাকা নেই। একই এলাকার নূরু ইসলাম খলিফা বলেন, আমাদের অনেক ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দ্রুত যদি সরকারের পক্ষ থেকে নদী রক্ষা বাঁধের ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আমাদের গ্রামটি রক্ষা করা যাবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, শিবচরের পাঁচটি ইউনিয়ন নদীভাঙনের শিকার। আমরা ইতিমধ্যেই চরজানাজাত, কাঁঠালবাড়ি ও বন্দরখোলা ইউনিয়নের পদ্মা নদীর ভাঙনের শিকার ও পানিবন্দি ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছি। এদিকে আড়িয়াল খাঁ নদীর ভাঙনে শিরুয়াইল ইউনিয়নের কিছু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।