মৌলভীবাজারে দুদকের গণশুনানি অভিযোগের শেষ নেই

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে সরকারি সেবা ও সুবিধাদি প্রাপ্তির ক্ষেত্রে উদ্ভূত সমস্যাদি শোনা, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় মৌলভীবাজার উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয় এ গণশুনানি, চলে দুপুর আড়াইটা পর্যন্ত। দুর্নীতি দমন কমিশন, উপজেলা প্রশাসন ও মৌলভীবাজার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) মো. মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের সরকার বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেন দেশের উন্নয়নে বাজেটে। প্রতিটি বাজেট পূর্বের বাজেটকে ছাড়িয়ে যাচ্ছে। বাজেটের ঐ টাকা সঠিকভাবে ব্যবহার করতে পারলে দেশ সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার মতো হয়ে যেত। কিন্তু দুর্নীতির কারণে সকল উন্নয়নকে ব্যর্থ করে দিচ্ছে।

জেলা প্রশাসক নাজনীন শিরিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল কাদির মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরুজ্জামান, দুদকের সিলেট কার্যালয়ের পরিচলক নুর এ আলম সিদ্দিক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক অজয় কুমার সাহা। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আখলাকুল আম্বিয়া, মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন, সাংবাদিক বকশী ইকবাল আহমদ, সারওয়ার আহমদ, আকমল হোসেন নিপু, এসএম উমেদ আলী, শাহ অলিদুর রহমান, সালেহ এলাহী কুটি, প্রতিরোধ কমিটির সদস্য মুক্তিযোদ্ধা এস এম মুজিব, ফয়ছল আহমদ, রায়হান আহমদ চৌধুরী প্রমুখ। গণশুনানি অনুষ্ঠানে ৩৩টি লিখিত অভিযোগ দেওয়া হয়। এছাড়াও উপস্থিত জনসাধারণের মধ্যে ভুক্তভোগী ২০ জনের মৌখিক অভিযোগ শোনা হয়। যেসব দপ্তরের বিরুদ্ধে অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক।