সুবর্ণচরে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নোয়াখালী প্রতিনিধি

জেলার সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

তার বিরুদ্ধে আনীত বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

সোমবার জেলা প্রশাসক তন্ময় দাস বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার মন্ত্রণালয়ের উপসচিব মো. ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জনানো হয়েছে, মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের রাজস্ব আদায়ের ক্ষেত্রে সরকারি বিধি-বিধান যথাযথ অনুসরণ না করা, বিধিবহির্ভূতভাবে একক স্বাক্ষরে ট্রেড লাইসেন্স প্রদান, এলজিএসপি প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদ/বিদ্যালয়ের নাম ব্যবহার করে নিজ বাড়ির রাস্তা তৈরি, ইউনিয়ন পরিষদের সভা আহ্বান বা হোল্ডিং ট্যাক্স আদায়ের ক্ষেত্রে অন্য ইউনিয়ন পরিষদের সদস্যদের অবহিত না করা, ক্ষমতার অপব্যবহার এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ তদন্ত প্রমাণিত হয়েছে। সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি হওয়ায় তাকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

একই সঙ্গে মোজাম্মেলকে কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না—মর্মে জবাব প্রদানে পত্র প্রাপ্তির ১০ কার্য দিবসের মধ্যে জেলা প্রশাসক, নোয়াখালীর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নোয়াখালীতে নদী দখলকারীর কারাদণ্ড

জেলার সুবর্ণচর উপজেলার দক্ষিণ চরমজিদ এলাকায় মেঘনা নদী দখল করে তিনটি মত্স্য খামার স্থাপন করার অপরাধে মাইনউদ্দিন মানিক নামের এক দখলদারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ তাকে আটক করে এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মানিককে রাতেই নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করে আদালত।