খুলনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

খুলনা অফিস

খুলনায় রবিবার রাতে মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সমীর কুমার শীলকে এক নারীসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

খুলনা সদর থানার ওসি (তদন্ত) সুজিত মণ্ডল জানান, নগরীর ৮৫ নম্বর খান জাহান আলী রোডের একটি বাসা থেকে সমীর কুমার শীল ও সেলিনা বেগমকে উক্ত ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা হয়েছে।

খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল বলেন, সমীর কুমার শীল মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি। সংগঠন বিরোধী কাজের জন্য তার বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে সোমবার খুলনা মহানগর ছাত্রলীগের দপ্তর সম্পাদক শাহীন আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠন পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সমীর কুমার শীলকে দলের সকল পদ ও কর্মকাণ্ড থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সুপারিশ করা হয়েছে।